দিনাজপুরের পূর্ণভবা নদীর তীরে যুবলীগ নেতাদের অবৈধভাবে গড়ে উঠা দু’টি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দু’টি কেন্দ্রে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ২৮ জন যুবক-যুবতীকে আটক করা হয়। পাশাপাশি অবৈধভাবে সরকারি জমিতে বিনোদন কেন্দ্র গড়ে তোলা এবং অনৈতিক কার্যকলাপের দায়ে যুবলীগের ৩ নেতাকে আটক করে আদালত।
রবিবার দুপুরে দিনাজপুর শহরের পার্শ্ববর্তী ফুলতলা এলাকায় সদ্য গড়ে উঠা প্রমোদতরী ও বাগান বিলাস নামে দু’টি বিনোদন কেন্দ্রে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বিনোদন কেন্দ্র দু’টির মালিক হলেন যুবলীগ নেতা ফয়সল ইবনে চঞ্চল। চন্দন ও রায়হান হিপ্পু নামে দুই যুবলীগ কর্মীর মালিকানা রয়েছে এতে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের রহমান ও সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) গোলাম রব্বানীর নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এসময় দুই বিনোদন কেন্দ্র থেকে ২৮ যুবক-যুবতীকে আটক করা হয়।
এদিকে, খাস জমির উপর অবৈধভাবে বিনোদন কেন্দ্র গড়ে তোলা এবং অনৈতিক কার্যকলাপ চালানোর অভিযোগে স্থানীয় আজিজার রহমানের ছেলে ফয়সল ইবনে চঞ্চল (৩২),তার ভাই চন্দন (২৯) ও একই এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে রায়হান হিপ্পুকে (২৯) আটক করা হয়েছে। এদের মধ্যে চঞ্চল জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং বাকী দু’জন সদস্য।
সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা গোলাম রব্বানী জানান, অনৈতিক কার্যকলাপের অভিযোগে যুবক-যুবতীদেরকে আটক করা হয়েছে। অভিভাবকের মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।
এদিকে,যুবলীগের তিন নেতাকে আটক করে থানায় নিয়ে আসা হলেও তাদের নাম প্রকাশে গড়িমসি করছে কোতয়ালী থানা পুলিশ। আটক ব্যক্তিদের নাম জানতে চাইলে ডিউটি অফিসার আসমা খাতুন জানান, ম্যাজিস্ট্রেটের নিষেধ রয়েছে তাদের নাম দেওয়া যাবে না।
কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি থানায় নেই বলে জানান। তবে তিনি এসআই মাহমুদুলের কাছ থেকে নাম নেওয়ার পরামর্শ দেন। এসআই মাহমুদুলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জানানো হয়,তিনি খেতে এসেছেন,তার কাছে নাম ঠিকানা নেই।
/এমএসএম/








