জামালপুর রেল স্টেশনের জিআরপি পুলিশের নির্যাতনে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত মুক্তিযোদ্ধার নাম আব্দুল বারী। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। সোমবার দুপুরে জামালপুর রেল স্টেশনে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ।
এ ব্যাপারে জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌর চন্দ্র মজুমদার বলেন, স্টেশনে বিনা টিকেটের যাত্রীদের আটক অভিযান চলছিল। এ সময় ওই মুক্তিযোদ্ধার ছেলেকে আটকের পর ছেড়ে দেওয়া হয়। তারপরও মুক্তিযোদ্ধা আব্দুল বারী স্টেশন প্লাটফর্মে দাঁড়িয়ে পুলিশকে গালিগালাজ করেন। এসময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে তিনি মাটিতে পড়ে আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল বারীর ছেলে স্টেশনে টিকেট কাটতে গেলে জিআরপি পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে আব্দুল বারী ছেলেকে ছাড়িয়ে আনতে গেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ আব্দুল বারীর ওপর চড়াও হয়। এসময় জিআরপি পুলিশ স্টেশনের প্লাটফর্ম এলাকায় প্রকাশ্যে বেদম পিটিয়ে আহত করে মুক্তিযোদ্ধা আব্দুল বারীকে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর দুইটার দিকে সেখানে তার মৃত্যু হয়।
মুক্তিযোদ্ধা সংসদের জামালপুরের জেলা কমান্ডার সাবেক এমপি শফিকুল ইসলাম খোকা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দোষীদের বিচারের দাবিতে আজ বিকেলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
/এনএস/টিএন/








