আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাংলাদেশে আন্তর্জাতিক কোনও জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই। জামায়াত-বিএনপি ক্ষমতার লোভে জঙ্গিদের নামে হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তিনি আরও বলেন, পশ্চিমা বিশ্বের ক্ষমতাধর একটি রাষ্ট্র আইএস দমনে বাংলাদেশে তাদের বাহিনী পাঠাতে চায়। কিন্তু, সরকার সে প্রস্তাব নাকচ করে দিয়েছে।

খুলনা জেলার ইমাম ও আলেম ওলামাদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আ্হ্বান শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
হানিফ কর্মশালায় অংশগ্রহণকারী আলেম মাশায়েখদের কোরআন হাদীসের আলোকে আলোচনার মাধ্যমে যুব সমাজসহ সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান। জঙ্গি তৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে হানিফ আরও বলেন, যে কোনও মূল্যে জঙ্গি নির্মূল করা হবে। জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের সমাজ থেকে বয়কট করা হবে। বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের কোন ঠাঁই নেই।
তিনি বলেন, জঙ্গিদের পেছনে কারা আছে এবং কারা মদদ দিচ্ছে তাদের খুঁজে বের করা হবে। যারা মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে চায়, তারা দেশ ও সমাজের শত্রু। বিভিন্ন সংগঠনের নামে জামায়াত-শিবির দেশের অভ্যন্তরে পরিকল্পিতভাবে নাশকতা ও গুপ্তহত্যা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে।
প্রধান অতিথি আরও বলেন, ইসলামের প্রচার, প্রসার ও গবেষণার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। ইসলাম শান্তির কথা বলে। ইসলাম নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদকে কখনও সমর্থন করে না। ইসলামের শান্তির বার্তাগুলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে ইমামদের এগিয়ে আসতে হবে। ইমামরা হলেন সমাজের নেতা। জঙ্গিবাদের বিরুদ্ধে ইমামদের সোচ্চার হতে হবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন,সিএনএন ঢাকার ঘটনাটি ২৪ ঘণ্টা ধরে প্রচার করে। ঘটনার রাতে আমাদের প্রশাসন জানলো না ভেতরে কতজন নিহত হয়েছে। কিন্তু সিএনএন মধ্যরাত থেকেই প্রচার শুরু করে জঙ্গি হামলায় ২০ জনের মৃত্যুর খবর। এ থেকেই প্রমাণিত হয় তাদের যোগসূত্রতা কোথায়।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাহবুব হাকিম, র্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আরেফ ও খুলনা টাউন জামে মসজিদের খতিব মাওলানা আবু সালেহ। স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. লোকমান হোসেন।
কর্মশালায় ইসলামী ফাউন্ডেশন খুলনার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও মহানগরীসহ খুলনার বিভিন্ন উপজেলার মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় খুলনা জেলার এক হাজার ৫০০ জন ইমাম অংশ নেন।
/এমএসএম/টিএন/
আরও পড়ুন: জোড়া সন্ত্রাসী ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি: পররাষ্ট্রমন্ত্রী








