রুখ জঙ্গি বাঁচাও বাংলা-এ শ্লোগান নিয়ে লক্ষ্মীপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কমিটির আহবায়ক ও জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মহমুদুন্নবী সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
কমিটির সদস্য সচিব ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের সঞ্চালনায় কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের সাবেক নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে জঙ্গিদের ধরিয়ে দিতে ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহবান জানান। এ সমাবেশে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এদিকে জেলা প্রশাসনের আয়োজনে সব মাদ্রাসার প্রধানদের নিয়ে জেলা প্রশাসকের হলরুমে জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী তার বক্তব্যে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সভা, মানববন্ধনসহ জনসচেতনতা তৈরি করাসহ নিজেদের সন্তানদের বিপদগামী হওয়া থেকে রক্ষা করতে তাদের বোঝানোর আহবান জানান।
/এমপি/








