বগুড়া সদরের নামুজা ঠাকুরপাড়া গ্রামের দিনমজুর ফারুক হোসেন মোল্লা (২৭) গত এক বছরেও বাড়ি ফিরে আসেনি। তিনি নামুজা বন্দরে যাওয়ার নামে বাড়ি থেকে বের হবার পর থেকে নিখোঁজ রয়েছেন। তিনি ফিরে আসবেন এ আসায় পরিবার থেকে থানায় অভিযোগ করা হয়নি।
স্ত্রী রেহেনা বেগম জানান, প্রায় এক যুগ আগে বগুড়া সদরের নামুজা ঠাকুরপাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিন মোল্লার ছেলে দিনমজুর ফারুক হোসেন মোল্লা তাকে বিয়ে করেন। তাদের সংসারে ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে রয়েছে। তিনি জানান, ফারুক এলাকার মাদকসেবীদের সঙ্গে চলাফেরা ও মাদক সেবন করতেন। ২০১৫ সালের ১৭ মে বিকালে ফারুক তার মা রশিদা বেওয়ার কাছে ৫০ টাকা নেন। তিনি নামুজা বন্দরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। রেহেনা বেগম আরও জানান, তার স্বামী কোনও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি আরও জানান, বর্তমানে বিধবা শ্বাশুড়ি ও স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে খুব কষ্টে আছেন। তার বিশ্বাস, ফারুক জীবিত নেই। তা না হলে গত এক বছরে তার সন্ধান মিলতো। ফারুক বাড়িতে ফিরে আসবেন, এ আশায় তারা আইনের আশ্রয় নেননি।
/এইচকে/








