রাজশাহীর চারঘাটে সারদা পুলিশ একাডেমির সুইপার কলোনিতে চোলাই মদপান করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলে চারঘাট কুটিপাড়া এলাকার সুলতান আলীর ছেলে জাহাঙ্গীর আলী (৫৫) ও একই এলাকার মরু মণ্ডলের ছেলে লালন মণ্ডল (৪৫)। বুধবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।
এর আগে গত সোমবার ও মঙ্গলবার মদপানে একই এলাকার আরও পাঁচজনের মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
রামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক বলেন, রামেক হাসপাতাল মর্গে ওই দুজনের ময়নাতদন্ত শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় মঙ্গলবার রাতে তাদের হাসপাতালে নেওয়া হয়। তারা দুজনই হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।
তিনি আরও বলেন, অতিরিক্তি মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিৎসক। এ নিয়ে রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, অসুস্থ অবস্থায় ওই দুইজন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাতেই তাদের রামেক হাসপাতালে নেওয়া হয়।
/এসএনএইচ/








