প্রায় এক যুগ পর সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও সাবেক মহিলা সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের বাসায় বোমা হামলার মামলায় হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ৬ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ৫ আসামির উপস্থিতিতে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান হিরো তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। আদালত আগামী ২৮ জুলাই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং মামলাটি দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নিতে আদালত এপিপিকে নির্দেশ দিয়েছেন। এপিপি এডভোকেট মাহফুজুর রহমান অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগপত্রে মুফতি হান্নান ছাড়া অপর আসামিরা হচ্ছে –মফিজুল ইসলাম, মুফতি মঈন উদ্দিন শেখ, শরীফ সাহেদুল আলম বিপুল, দেলোয়ার হোসেন ও হুমায়ুন কবির হিমু। এর মধ্যে মামলার শুরু থেকেই হুমায়ুন কবির হিমু পলাতক রয়েছে। এ মামলার মোট ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২৪ ডিসেম্বর বিকাল সোয়া ৪টার দিকে নগরীর তাঁতীপাড়ায় সিলেট মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হকের বাসায় মহিলা আওয়ামী লীগের সভা চলছিল। এ সময় ওই বাসায় বোমার বিস্ফোরণ ঘটে। এতে সৈয়দা জেবুন্নেছা হকসহ বেশ কয়েকজন মহিলা নেত্রী আহত হন।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়, মামলা নং ৭৪ (২৪-১২-০৪)। দীর্ঘ তদন্ত শেষে সর্বশেষ সিলেট সিআইডির পুলিশ পরিদর্শক (ওসি) মো. শামীম-উর-রশিদ পীর ২০১১ সালের ২৬ জুলাই হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানসহ উল্লিখিত ছয় জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
/এসএ/এপিএইচ/








