‘বাঘ হত্যা তো দূরের কথা, আমি জীবনে সুন্দরবনের একটি পাখিও শিকার করিনি’ বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। তিনি বলেন, এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে একটি স্বার্থান্বেষী মহল তার ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।
শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত ২৯ জুলাই দেশের একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে সুন্দরবনের বনদস্যুদের অস্ত্র সরবরাহকারী হিসেবে নাম উল্লেখ করায় প্রতিবাদে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন এসএম জগলুল হায়দার।
পত্রিকার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে ইন্টারপোলের বরাত দিয়ে বাঘ হত্যা এবং ডাকাত দলকে অস্ত্র সরবরাহকারী ৩২ ব্যক্তির মধ্যে তার নাম উল্লেখ করা হয়েছে। এ সময় তিনি প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে এর তীব্র প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, তিনি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সম্পদ ও বাঘসহ প্রাণিকুল রক্ষায় কাজ করে যাচ্ছেন। এছাড়া জলদস্যুদের বিপক্ষে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। অথচ বিরোধী ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিকমহল এই মিথ্যা তথ্য দিয়ে তার ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, শ্যামনগর সদর আওয়ামী লীগের সভাপতি আকবর কবির, শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু প্রমুখ।
/এসএনএইচ/








