কুমিল্লা সদর উপজেলার বারপাড়া এলাকায় কবরস্থানের সংস্কার কাজের জের ধরে সংঘর্ষের সময় বুকে গুলিবিদ্ধ হয়ে রাসেল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় সাড়ে ৭ টায় বারপাড়া ময়নামতি মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বারপাড়ার কবরস্থানটি সংস্কারের জন্য দাবি জানালে বাধ সাধে স্থানীয় এক ব্যক্তি। এনিয়ে এলাকায় বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় স্থানীয় সাজু মেম্বারের নেতৃত্বে ৩৫-৪০ জনের একদল সন্ত্রাসী প্রতিপক্ষের ওপর অর্তকিত হামলা চালায় এবং গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়া, সন্ত্রাসীরা হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সামনে যাকে পায় তাকেই কোপাতে থাকে। এসময় বারপাড়া এলাকার মৃত সাদেক মিয়া সরদারের ছেলে রাসেলকে (২৬) কুপিয়ে ময়নামতি মেডিক্যাল কলেজের সামনে নিয়ে বুকে গুলি করে। এ সময় স্থানীয়রা আহত রাসেলকে প্রথমে ময়নামতি মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি আবদুর রব জানান, প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়তে পারেন: গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিমসহ ৫ জেএমবি জঙ্গি ভারতে
/এমএসএম/








