অপ্রাপ্তবয়স্ক কিশোরী আসমাকে (১৪) বিয়ে করার অপরাধে সোহেল (২২) নামে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন যশোরের একটি ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান শনিবার সন্ধ্যায় এই জরিমানা আদায় করেন।
যশোর কোতয়ালী থানার এসআই শেহাবুর রহমান জানিয়েছেন, সোহেল শহরের বজপাড়া কবরস্থান এলাকার সাহিদের ছেলে। আর আসমা (১৪) নামে ওই কিশোরী একই এলাকার আনিসুর রহমানের মেয়ে। তারা নিজেরা কিছুদিন আগে বিয়ে করে। কিন্তু অপ্রাপ্তবয়স্ক কোনও নারীকে বিয়ে করা বা বিয়ে দেয়া অপরাধ। সে কারণে তাদের আটক করে শনিবার দুপুরে মোবাইল কোর্টে হাজির করা হলে বিচারক সোহেলকে ৫ হাজার টাকা জরিমানা করেন। আর ওই কিশোরীকে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোস্তফার জিম্মায় দেন।
এ বিষয়ে কাউন্সিলর গোলাম মোস্তফা বলেছেন, আদালত আসমাকে আমার জিম্মায় দিয়েছেন। সে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কোথায় থাকবে; তা নিয়ে তার বাবা ও স্থানীয়দের সঙ্গে আলোচনা চলছে।
/এমপি/








