মৌলভীবাজার শহরেরর গোবিন্দশ্রী এলাকায় ব্যবসায়ী সৈয়দ জাহেদ আলীর বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা ২৫ ভরি সোনার গয়না ও নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
১ আগস্ট সোমবার ভোররাতে এ ডাকাতির ঘটনা ঘটে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিল উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ডাকাত দল গ্রিল গেটের তালা ভেঙে প্রবেশ করে বাসার লোকজনকে এলোপাথাড়ি মারপিট করে ও অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকে রাখে। এ সময় তারা পরিবারের ১০ জনের হাত-পা বেঁধে রাখে।
পরে ডাকাতরা ঘরের বিভিন্ন রুম থেকে ২৫ ভরি সোনার গয়না, নগদ তিন লাখ টাকা ও পাঁচটি দামি মোবাইল ফোন সেটসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।
ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ সরোয়ার আলী গুরুতর আহত হয়েছেন।
বাসার গৃহকর্তা সৈয়দ জাহেদ আলীর জানান, ডাকাতদের পরনে জাঙ্গিয়া ও মুখোশ ছিল। তাদের প্রত্যেকের হাতে ছিল চায়নিজ কুড়াল।
খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
/এবি/








