প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে দল গোছানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, এই নির্দেশের সঙ্গে নির্বাচনের সময় হেরফের হওয়ার কোনও কারণ নেয়। নির্বাচন যথাসময়েই হবে। কেউ তা আটকাতে পারবে না।
বুধবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ গণমানুষের সঙ্গে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বর্তমানে জঙ্গি দমনের যুদ্ধটা রাজনৈতিক কর্তব্য। যারা জঙ্গি দমনের যুদ্ধ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন তারা মূলত এ যুদ্ধের সাফল্যকে আটকাতে চাচ্ছেন।
তিনি আরও বলে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যতই বিভ্রান্তির চেষ্টা করুক না কেন যুদ্ধাপরাধীদের মতো জঙ্গিদেরও বাঁচাতে পারবে না। জঙ্গি পরিচয় নিয়ে বিভ্রান্তির কিছু নেই। ওরা বঙ্গবন্ধুর খুনিদের মতোই আত্মস্বীকৃত খুনি।
আলোচনা সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিস) সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, পৌর মেয়র শামিমুল হক ছানা, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে তথ্যমন্ত্রী ভেড়ামারায় হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন।
/এসএনএইচ/







