জয়পুরহাট শহরের গ্রাজুয়েট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্সি সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮০ লাখ টাকার যন্ত্রাংশ পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।
জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্ট করে আগুন নিয়ন্ত্রণে আনে। জেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক জাহানুর ইসলাম জানান, সময়মতো ঘটনাস্থলে পৌঁছানোয় অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে প্রায় ৭০/৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্পের জন্য ওই ভবনের পাশের ভবনে আইএফআইসি ব্যাংক বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নজরুল ইসলাম জানান, আগুনে তাদের ল্যাবের নেবোলাইজার, অটোমেটেড হরমোন অ্যানালাইজার মেশিন, মূল্যবান কেমিক্যাল ও কম্পিউটার, ল্যাপটপসহ বেশ কিছু মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে।
তিনি আরও বলেন,এ ঘটনায় অন্য পরিচালক মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত দল আগুন লাগার কারণ উদঘাটন করে প্রতিদেবন দাখিল করবে।
/এসএনএইচ/








