বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাদ দিয়ে জাতীয় ঐক্য অবাস্তব বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ‘জাতীয় ঐক্য ইতোমধ্যে হয়ে গেছে’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যেরও সমালোচনা করেছেন কাদের সিদ্দিকী।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় মতিঝিলের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দুই ঘন্টার বৈঠক নিয়ে বিস্তারিত জানাতেই সংবাদ সম্মেলন করেন বঙ্গবীর। তিনি জানান, খালেদা জিয়াকে তার দলের পক্ষে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবগুলো হচ্ছে, জামায়াতকে বাদ দিতে হবে। দলটিকে ২০ দলীয় জোটে রেখে কোনও ঐক্য সম্ভব না। দ্বিতীয়ত, ১৫ আগস্টে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন না করতে খালেদা জিয়াকে উৎসাহিত করা হয়েছে।
‘জাতীয় ঐক্য ইতোমধ্যে হয়ে গেছে’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিরাও বঙ্গবন্ধুকে বাদ দিয়ে ঐক্যের চেষ্টা করেছিল। যার পরিণতিতে পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আপনার (শেখ হাসিনা) জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। ১৯৭১ সালের মতো সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। গণবাহিনীকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিন। আপনি ব্যর্থ হলে আপনা-আপনি জাতীয় ঐক্যগঠনের কাজটি খালেদা জিয়ার ওপরে বর্তাবে। এই কাজ কিন্তু থেমে থাকবে না।
বৃহস্পতিবার রাতের বৈঠকে খালেদা জিয়ার কেমন মনোভাব ছিল, এমন প্রশ্নে বঙ্গবীর বলেন, অপেক্ষা করতে হবে। সময় লাগবে। সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
যে কারণে অলস পড়ে আছে ৬শ’ কোটি টাকা
সাবেক জঙ্গি বললো, বাংলাদেশে এজেন্ট পাঠিয়েছে আইএস
/এসটিএস/এফএস/








