বাঘ ও হরিণসহ সুন্দরবনের প্রাণী ও বনজ সম্পদ রক্ষার দাবিতে দীর্ঘ মানববন্ধন করেছেন সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন পাঁচটি ইউনিয়নের জেলে, বাওয়ালি, মৌয়াল ও বনজীবিরা। তারা বাঘ নিধন বন্ধ করে এর সঙ্গে জড়িতদের চিহ্ণিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করারও আহ্বান জানিয়েছেন।
শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালি ও মুন্সিগঞ্জ ইউনিয়নসহ কয়েকটি স্থানে এই মানববন্ধন করেন তারা। এতে যোগ দেন বনের ওপর নির্ভরশীল শত শত শ্রমজীবী।
এ সময় বক্তারা ইন্টারপোলের তালিকার বরাত দিয়ে বাঘহত্যার সঙ্গে জড়িত কয়েকজনের নামে অভিযোগ এনে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানান।
মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, কয়েকটি জলদস্যু বাহিনী সরকারের কাছে আত্মসমর্পণ করলেও এখনও অনেকগুলো দস্যু বাহিনী বনে দাপিয়ে বেড়াচ্ছে। তাদেরকে গ্রেফতারেরও দাবি জানান তারা। এছাড়া বাঘ ও হরিণ নিধনকারী এবং বনের কাঠ পাচারকারীদের অবিলম্বে খুঁজে বের করে বন রক্ষায় এগিয়ে আসার আহবান জানানো হয়।
বৃষ্টিভেজা মানববন্ধনে নেতৃত্ব দেন রমজাননগর ইউপি চেয়ারম্যান আকবর আলি, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম আলি আজম টিটু, সাবেক চেয়ারম্যান জিএম মাসুদুল আলম, বুড়িগোয়ালিনী ইউপির চেয়ারম্যান ভবতোষ মন্ডল, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোড়ল, সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধা, কৈখালি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।
/এমপি/








