পার্বত্য ভূমি কমিশন সংশোধিত আইনের অধ্যাদেশ জারির প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের হরতাল পালিত হচ্ছে রাঙামাটিতে।
রাঙামাটি শহরে সকাল থেকেই সব ধরনের যান চলাচল বন্ধ আছে। শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছেন হরতাল আহ্বানকারী ছয় বাঙালি সংগঠনের নেতাকর্মীরা।
জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ আছে। শহরের তবলছড়ি, বনরূপা, কলেজগেট এলাকায় খণ্ড খণ্ড মিছিল করছেন পিকেটাররা। এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
পাহাড়ের বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন,পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ, পার্বত্য বাঙালি শ্রমিক গণপরিষদ এবং পার্বত্য যুব ফ্রন্ট এই হরতাল কর্মসূচি পালন করছে।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে গত বুধবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। ছয়টি বাঙালি সংগঠন এই হরতালের ডাক দেয়। বুধবার হরতাল চলাকালিন তড়িঘড়ি করে আইনটি অধ্যাদেশ আকারে জারির প্রতিবাদে হরতালের সময় আরও একদিন বাড়ানো হয়। তবে রাঙামাটিতে হরতাল চললেও বান্দরবান ও খাগড়াছড়িতে হরতাল শিথিল রয়েছে।
আজকের হরতাল শেষে ফের কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলে জানিয়েছে হরতাল আহ্বানকারীরা।
আরও পড়তে পারেন: অবশেষে বন্য হাতিটি উদ্ধার
/এমএসএম/








