ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) শুভেচ্ছা বিনিময় করেছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শূণ্য রেখায় দুই দেশের মধ্যে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার রহিত শর্মা ও জামিল বাশা বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সিরাজুল ইসলামের হাতে মিষ্টি তুলে দেন। আর বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সেখানে বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হান্নান, হিলি চেকপোস্ট কমান্ডার আলমগীর হোসেন, বিএসএফ’র হিলি চেকপোস্ট কমান্ডার ধিরাজ সিংসহ উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রোহিত শর্মা জানান, দু’দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে তারা শুভেচ্ছা বিনিময় করেন। ফলে দু’দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত দুই বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি ও বিএসএফ’র শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্তের শূণ্যরেখায় ভারতের হিলি কাস্টমসের সুপার টিকে বার্কার বাংলাদেশের হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা মো.আলাউদ্দিনের হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় বাংলাদেশের হিলি কাস্টমসের পক্ষ থেকেও তাদের ফুল দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়। এসময় সেখানে দুই দেশের কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তাসহ সৈনিকরা উপস্থিত ছিলেন।
অপরদিকে ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের পক্ষ থেকে ওসি মো. নাসির হোসেন বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. রফিকুজ্জামানের হাতে মিষ্টি তুলে দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
/এসএনএইচ/








