মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগে ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক নামে এক প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকেলে জাতীয় শোক দিবসে শ্রীমঙ্গল পুরান বাজারে ব্যাংকটির শাখার সামনে জাতীয় পতাকা অযত্নে রাখায় এবং অর্ধনমিতভাবে প্রদর্শন না করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার মোহা. শহীদুল হককে এ বিষয়ে অভিযোগ জানালে তিনি তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ কুমার পাল এবং থানা পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পাঠান।
আদালত অভিযোগের সত্যতা পেয়ে বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ লঙ্ঘনের দায়ে ৪ এর ক ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে সংশ্লিষ্টদের ১ বছরের জেল দেন।
/এমএসএম/








