নাটোরের বড়াইগ্রামে পরিবহন ব্যবসায়ী শাহজাহান আলী নিখোঁজের মামলায় তার প্রথম স্ত্রী আনোয়ারা বেগমসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের কোর্টে চালান দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করার সময় তথ্য অনুসন্ধানের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার আইও।
নিখোঁজ শাহজাহান আলী উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল গ্রামের শামসুল হক পাটোয়ারীর ছেলে।
গ্রেফতার হওয়া অন্য দু’জন হল একই গ্রামের হায়দার আলী ও তার ছেলে শাহীন আলম।
মামলার আইও তহসিনুজ্জামান জানান, গত ১৮ জুলাই বিকেলে গুরুমশৈল গ্রামের হায়দার আলীর ছেলে শামীম মোবাইলে কল দিয়ে শাহজাহানকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় শাহজাহানের দ্বিতীয় স্ত্রী কামরুন্নাহার গুমের অভিযোগে বড়াইগ্রাম থানায় শামীমকে প্রধান আসামী করে ৬ জনের নামে মামলা করেন। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার সকালে আনোয়ারাসহ তিনজনকে গ্রেফতার করে রিমান্ড আবেদনসহ বিকেলে কোর্টে চালান করে।
/এমএসএম/








