জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে অনার্স (সম্মান) পরীক্ষার নির্ধারিত সময় চার ঘণ্টা করার দাবিতে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে। বুধবার (১৭ আগস্ট) যশোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি হয়।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও নোটিশ ছাড়াই পরীক্ষার সময় আধা ঘণ্টা কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করেছে। কিন্তু প্রশ্ন কাঠামোয় কোনও পরিবর্তন করা হয়নি। ফলে আমাদের সাড়ে ৩ ঘণ্টা সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না।’
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে আমরা দিশেহারা হয়ে পড়েছি। সেকারণে কর্তৃপক্ষ সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত কোনও শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে না। আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।’
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন সরকারি এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রুহুল আমিন, দ্বিতীয় বর্ষের ছাত্র হারুণ-অর-রশিদ, ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাব্বির হোসেন, মেহেদী হাসান, জুপিটার, আরাফাত হোসেন নয়ন, পলাশ পাল, উজ্জ্বল বিশ্বাস, সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা প্রমুখ।
মানববন্ধনে সরকারি এমএম বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, উপশহর কলেজের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
আরও পড়ুন-
নব্য জেএমবি: এক জঙ্গি ২২ হামলায় জড়িত!
৩ বছরেও চালু হয়নি বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল
/এফএস/








