লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাতালের উত্তপ্ত বয়লার বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের সাবেক ভাইস- চেয়ারম্যান আমজাদ হোসেন তাজুর চাতালে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না এলাকার মইশালের ছেলে অতিন্দ্র (৫০), একই এলাকার আফছার আকন্দের ছেলে নুর মোহাম্মদ (৩০), ধীরেন্দ্র নাথের ছেলে গোবিন্দ নাথ (২০), ভরসাধুর স্ত্রী স্বপ্না রানী (২৭), ওসমানের স্ত্রী আছিয়া বেগম (৪২) ও মোজাম্মেল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)।
এরমধ্যে গুরুত্বর আহত অতিন্দ্র, নুর মোহাম্মদ, গোবিন্দ নাথের শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজের বার্ন ইউনিট পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী এবং ওই চাতালের নারী শ্রমিক রশিদা বেগম জানান, বৃহস্পতিবার দপুরের দিকে ওই চাতালে ধান সিদ্ধ করার জন্য বয়েলারে পানি গরম করছিলেন শ্রমিকরা। কিন্তু ভুল বশত বয়েলারের গ্যাস বের হওয়ার মুখ বন্ধ থাকায় অতিরিক্ত গরম হয়ে হঠাৎই বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ৬ জন শ্রমিক দগ্ধ হন।
হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও চাতাল মালিক আমজাদ হোসেন তাজু বলেন, ঘটনার সময় তারা কেউ সেখানে ছিলেন না। সবার আগে শ্রমিকদের চিকিৎসা প্রদানের কাজ চলছে। কীভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে জানানো হবে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে তিন নারী শ্রমিককে হাসপাতালে ভর্তি রয়েছে। গুরুতর ৩ জন শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
/এসএনএইচ/








