কিশোরগঞ্জে একটি বিদ্যালয়ের শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের ছাত্রীরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রীরা ক্লাশ বর্জন করে মিছিল বের করেন। তারা সন্ত্রাসীদের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
গত বুধবার শহরের আখড়া বাজার এলাকায় কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো.শাহজাহানের ছেলে শাহরিয়ার আহম্মদ শান্তকে কয়েকজন সন্ত্রাসী মারধর করে। খবর পেয়ে তার বাবা ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি নূরুল হক সেখানে গেলে সন্ত্রাসীরা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এ ঘটনায় প্রধান শিক্ষক নূরুল হক বৃহস্পতিবার পুলিশ সুপারকে লিখিতভাবে বিষয়টি জানানোর পরও কোনও প্রতিকার মেলেনি। সে কারণে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাশ বর্জনের ঘোষণা দিয়েছেন।
ঘটনার বিচার দাবিতে আগামীকাল (রবিবার) শিক্ষক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানা গেছে।
/এমএসএম/








