গাইবান্ধার পলাশবাড়ীতে ফেরেজা বেগম (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী মোমিন আলীকে (৫৫ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার ও স্বামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোমিন আলী ওই গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজির আলী জানান, শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ফেরেজাকে মারপিট করেন মোমিন আলী। এতে ঘটনাস্থলেই মারা যান ফেরেজা।ঘটনাটি ভিন্ন খাতে নিতে ফেরেজার মুখে বিষ ঢেলে দিয়ে ‘আত্মহত্যা’ বলে চালানোর অপচেষ্টা চালান স্বামীসহ পরিবারের সদস্যরা।
তিনি আরও জানান, নিহতের শরীরে মারপিটের চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, শনিবার সকাল ১১টার দিকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।এসময় ওই গ্রামের একটি পুকুরে কচুরি পানার মধ্যে লুকিয়ে থাকা স্বামী মোমিন আলীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহত গৃহবধূর বড় ভাই আইয়ুব আলী বাদী হয়ে একটি হত্যা মামলা ( নং-১৬, তাং-২০/০৮/১৬) দায়ের করেছেন।
এমএসএম/








