হবিগঞ্জের আজমিরীগঞ্জে খেলতে গিয়ে কালনী নদীতে পড়ে নিখোঁজ হওয়া দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে লাশ দুইটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের রনিয়া গ্রামের বাসিন্দা নাজির মিয়ার পুত্র শফিকুল মিয়া (৭) ও একই গ্রামের বাসিন্দা কাসেম মিয়ার মেয়ে রীনা বেগম (৫) গত শুক্রবার দুপুরে খেলতে বাড়ির অদূরে কুশিয়ারার কালনী নদীর তীরে নোঙর করা একটি নৌকায় উঠে। খেলার এক পর্যায়ে সকলের অগোচরে উভয়েই নৌকা থেকে নদীতে পড়ে যায়। প্রবল স্রোতের কারণে নিখোঁজ শিশু দুইটি তলিয়ে যায়। শিশুদের স্বজনেরা আশপাশের এলাকাসহ নদীর বিভিন্ন স্থানে জাল ফেলেও তাদের হদিস পাননি।
আজ শনিবার বিকেলে কাকাইলছেও চৌধুরীবাজারের অদূরে নদীতে একটি মেয়ে শিশুর লাশ ভেসে উঠে। খবর পেয়ে স্বজনেরা ছুটে গিয়ে লাশটি শিশু রীনার বলে শনাক্ত করেন। একই সময়ে কিশোরগঞ্জের মিটামইনের কাটখাল বাজারের অদূরে নদীতে বিষহরী কোণা নামক স্থানে ছেলে শিশুর লাশ ভেসে উঠে। খবর পেয়ে স্বজনেরা শফিকুলের লাশ শনাক্ত করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্বজনেরা লাশ দুইটি শনাক্ত করে সন্ধ্যার দিকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। পরে তাদের দাফন করা হয়।
/এমএসএম/
এমএমএম







