রাজবাড়ীতে ঘূর্ণিঝড়ে জেলা সদরের রামকান্তপুর ইউনিয়নের শতাধিক বাড়ি-ঘর ও কয়েকশ’ ছোট বড় গাছ পালা ভেঙে লণ্ডভণ্ড হয়েছে।
রবিবার দুপুর ১ টার দিকে ঘূর্ণিঝড়ের আঘাতে এ ঘটনা ঘটে।
রামকান্তপুর ইউনিয়নের মধ্যপাড়া, চরপাড়া, মুন্সিপাড়া, পাঠানপাড়া এলাকার মসজিদ, বসতবাড়ি, দোকান ঘরের অবকাঠামো ও এলাকার ৫ শতাধিক গাছ ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে হঠাৎ করে আকাশ কালো অন্ধকার হয়ে আসে।এ সময় প্রবল বেগে ঘূর্ণিঝড় আঘাত আনে এলাকায়। কয়েক মিনিটির মধ্যেই সব ভেঙে লণ্ডভণ্ড হয়ে যায়।
রাজবাড়ী -বালিয়াকান্দি আঞ্চলিক সড়কে গাছ পড়ে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পরে স্থানীয়রা গাছ কেটে যানবাহন চলাচলের চেষ্টা চালায়।
রামকান্তপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের রামকান্তপুর জামে মসজিদের মোয়াজ্জেম মির্জা আব্দুল মালেক জানান, দুপুরে যে ঘূর্ণিঝড় হয়েছে তাতে মসজিদের বারান্দা ও দোচালা ঘরের চাল উড়ে গেছে। মসজিদের ভেতরে এখন পানি ঢুকেছে। মুসল্লিদের নামায আদায় করতে কষ্ট হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. ওয়াহিদুজ্জামান বলেন, তার জীবদ্দশায় তিনি এমন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দেখেননি। ঝড়ে তার বাড়ির সকল গাছপালা ভেঙে গেছে। বাড়িতে থাকা বিশাল আকৃতির আমড়া গাছটি উপড়ে পুকুরে পড়েছে।
বর্গা চাষী আব্দুর রহিম জানান, তিনি অন্যের ৪বিঘা জমি বর্গা নিয়ে কলার চাষাবাদ করেছিলেন। ঝড়ে কলা বাগানের অধিকাংশ গাছ ভেঙে গেছে।
রামকান্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম বিশ্বাস জানিয়েছেন, তার নির্বাচনি এলাকায় ঘূর্ণিঝড় আঘাত এনেছে। এতে ইউনিয়নের শতাধিক বাড়িঘর ভেঙে গেছে। অনেকে তাদের পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বাস করছে।
/এমএসএম/








