বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সুরেন্দ্রনাথ ছাত্রাবাসের ঝুঁকিপূর্ণ পুরনো দ্বিতল ভবনটির একাংশ ধসে পড়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রাবাসের সামনে ও পেছনে টিনশেডের দুটি ছাত্রাবাসের ৪২ জন শিক্ষার্থী আতঙ্কে আছেন।
জানা যায়, তিন বছর আগে ভবনটি ঝুঁকিপূর্ণ দেখিয়ে ব্যবহ্যার অযোগ্য ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। তবে ভবন ধসের ঘটনায় কলেজ প্রশাসনও দুঃশ্চিন্তায় আছে বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক ইমানুল হাকিম।
হোস্টেলের দায়িত্বে থাকা বিএম কলেজের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক আলামিন সরোয়ার বাংলা ট্রিবিউনকে জানান, ‘এই ভবনটি ৩ বছরের আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের পুরাতন ওই ভবনটি লাগোয়া সামনে ও পেছনে টিনশেডের দুটি ঘরে তুলে দেওয়া হয়।’
তিনি আরও জানান, ‘সুরেন্দ্রনাথ ছাত্রবাসটির ওই ভবন ও এর আশপাশের কমপ্লেক্সের জায়গা মিলিয়ে ১ একর ৬০ শতাংশ জমি রয়েছে। কিন্তু এটি ভিপি সম্পত্তি হওয়ায় এবং মামলা থাকায় ভবনটি ভাঙতে পারছে না কলেজ কর্তৃপক্ষ।’
হোস্টেলের বাসিন্দা ও বিএম কলেজের ইংরেজী বিভাগের মাস্টার্সের ছাত্র বাবুল দত্ত বাংলা ট্রিবিউনকে জানান, ‘সোমবার সকালে হঠাৎ করেই বিকট শব্দ শুনতে পায়। তখনও অনেকে ঘুমিয়ে ছিলেন। শব্দে বাহিরে এসে ভবনটির পূর্ব দিকের অংশে ধস দেখতে পায়।’
/এসএনএইচ/








