বগুড়ার ডিবি পুলিশের একটি দল সোমবার বিকালে শাজাহানপুরের মাসিন্দা গ্রামে অভিযান চালিয়ে দু’টি বিদেশি পিস্তল, রাইফেল ও পিস্তলের ২৫ রাউন্ড গুলি এবং ৫টি চাপাতিসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সন্ধ্যায় এই রিপোর্ট লেখার সময় অভিযান চলছিল। কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সন্ত্রাসীদের নাম ও পরিচয় জানাতে রাজি হননি। মঙ্গলবার সকালে পুলিশ সুপার এ বিষয়ে ব্রিফিং করবেন।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ৫ সন্ত্রাসী অপরাধ সংঘটনের জন্য একটি সিএনজি অটো রিকশায় শাজাহানপুরের কড়িআঞ্জুল থেকে মাসিন্দা হয়ে টেংরামাগুরের দিকে যাচ্ছিল। গোপনে খবর পেয়ে মাসিন্দা গ্রামে সিএনজিটি থামিয়ে পুলিশ তল্লাশী চালায়। এ সময় তাদের কাছে ২টি বিদেশি ৯এমএম পিস্তল, পিস্তলের ২৩ ও রাইফেলের ২ রাউন্ড গুলি এবং ৫টি চাপাতি পাওয়া যায়। তাদের গ্রেফতার করে ডিবি অফিসে আনা হয়েছে।
সন্ত্রাসীদের নাম-পরিচয় জানতে চাইলে অভিযানে নেতৃত্বদানকারী এসআই আলমগীর হোসেন বলেন, উর্ধতন কর্মকর্তারা এ ব্যাপারে বলবেন। সন্ধ্যায় ডিবি ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, অভিযান চলছে। মঙ্গলবার সকালে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।
/এমএসএম/








