সিলেট নগরীর আম্বরখানায় পুলিশের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী। সোমবার রাতে হযরত শাহজালাল (রহ.)-এর ওরসের জন্য বন্ধ সড়কে যান চলাচল করতে না দেওয়ার জের ধরেই তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে জানা গেছে।
ছাত্রলীগের হামলায় আহতরা হলেন – বিমানবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহীন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজ, ফরহাদ এবং কনস্টেবল মুসলেম, আব্বাস ও আলফাজ। এর মধ্যে এএসআই আজিজের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
হামলায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের এক সাবেক কেন্দ্রীয় নেতাসহ আটজনকে আটক করেছে পুলিশ। ছাত্রলীগ কর্মীদের হামলার সময় পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেটও নিক্ষেপ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ ছয় পুলিশ সদস্য আহত হওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আহত পুলিশ সদস্যদের শরীরে ককটেলের আঘাত রয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের পদধারী এক নেতাসহ আটজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার জন্য ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১০টার দিকে নগরীর আম্বরখানায় হযরত শাহজালাল (রহ.) ওরসের জন্য সাময়িক বন্ধ সড়ক দিয়ে ৪/৫টি মোটরসাইকেল নিয়ে প্রবেশ করতে চায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মাসুদ কামাল সুফির নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এসময় সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালায়।
/এমও/এসএ/








