যশোরে রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ পাঁচ নাগরিককে হত্যার হুমকি

যশোর প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ২০:৩১আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২০:৩৭

ডাকে পানানো হুমকিপত্র যশোরে পাঁচ ব্যক্তিকে ‘নাস্তিক’ ও ‘বিধর্মী’ আখ্যা দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ডাকযোগে পাঠানো হুমকিপত্রে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের নাম ব্যবহৃত হয়েছে।

হত্যার হুমকি পাওয়া পাঁচ হলেন, লেখক গষেক বেনজীন খান, ঘাতক দালাল নির্মূল কমিটির আশিকুজ্জামান টুটুল, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রাবণী সুর, প্রবীণ রাজনীতিক রবিউল আলম এবং শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু। এদের মধ্যে দুজন চিঠি পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

হত্যার হুমকি সম্বলিত চিঠি যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরকেও দেওয়া হয়েছে। তবে, হুমকিপ্রাপ্তদের কেউ এখনও থানায় সাধারণ ডায়েরি না করলেও অন্তত তিনজন প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

হিজবুত তাহরীরের সাদা-কালো একটি প্যাডের (স্ক্যান করা বা ছবি তোলা) নীচে ভুল বানানে লেখা হয়েছে, ‘নাস্তিক ও বিধর্মী হত্যা বেহেস্তে যাওয়ার অন্যতম পথ। যশোরের মাটি থেকে এদের উৎখাত করছে আমাদের জেহাদী ভায়েরা চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

‘যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তাদের প্রথম তালিকা নিচে প্রকাশ করা হলো:’

এরপর ওই পাঁচ ব্যক্তির নাম পর্যায়ক্রমে লেখা হয়েছে।

চিঠির শেষে বলা হয়েছে, ‘আমরা প্রশাসনকে চ্যালেঞ্জ করছি। আপনারা আমাদের ক্ষতি করার চেষ্টা করলেই আমরা বেশি ক্ষতি করবো। আমাদের কিছুই করতে পারবেন না। প্রত্যেকটি সেক্টরে বড় স্থানে আমাদের সদস্য আছে ইনশাআল্লাহ।’

গত বৃহস্পতিবার থেকে এই হুমকিপত্র বিলি হতে থাকে। যশোর কেন্দ্রীয় ডাকঘরে চিঠিগুলো রিসিভ হয়েছে বলে সিল দেখে নিশ্চিত হওয়া গেছে। তবে সিলের অস্পষ্টতার কারণে কোন ডাকঘর থেকে চিঠিগুলো যশোর এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিশিষ্ট ব্যক্তিদের হুমকিপত্র দেওয়া হয়েছে শুনতে পেয়ে গত ২০ আগস্ট যোগাযোগ করা হয় জাসদনেতা রবিউল আলম ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নেতা মাহবুবুর রহমান মজনুর সঙ্গে। কিন্তু দু’জনই জানান, তারা এখনও এমন কোনও হুমকিপত্র পাননি। পরে শ্রাবণী সুর হুমকিপত্র পান বলে জানিয়েছেন মাহবুবুর রহমান মজনু।

এরপর আজ (মঙ্গলবার) রবিউল আলম, মাহবুবুর রহমান মজনু ও শ্রাবণী সুর বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন। এর আগে রবিউল আলম বিষয়টি জানান পুলিশ সুপারকে।

জানতে চাইলে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বিকেলে সাংবাদিকদের বলেন,‘কয়েক ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে ডিএসবি মারফত জানতে পেরেছি। বিষয়টি নিয়ে রবিউল আলম সাহেবও আমার সঙ্গে কথা বলেছেন। তাছাড়া জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গেও আমার বিষয়টি নিয়ে কথা হয়েছে।’

জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর বলেন, ‘রবিউল আলম ও মাহবুবুর রহমান মজনু আমাকে বিষয়টি জানিয়েছেন। এটি দেখভালের দায়িত্ব পুলিশের গোয়েন্দা বিভাগের। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

রবিউল আলম   ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের (ইনু) কেন্দ্রীয় কার্যকরি সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি জাসদের যশোর জেলা কমিটির শীর্ষনেতা। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও তিনি।

মাহবুবুর রহমান মজনু যশোরের প্রখ্যাত শ্রমিকনেতা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শ্রমিক সংগঠন ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) যশোর জেলা কমিটির প্রধান নেতা। সংগঠনের কেন্দ্রীয় কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন দীর্ঘদিন। রাজনৈতিক-সামাজিক আন্দোলন-সংগ্রামে তিনি দীর্ঘদিন ধরে সামনের কাতারেই রয়েছেন।

বেনজীন খান লেখক, গবেষক ও সাংবাদিক। বাজারে তার লেখা ও সম্পাদিত ১২টি বই রয়েছে। শহরের সার্কিট হাউজপাড়ায় তিনি প্রতিষ্ঠা করেছেন ‘প্রাচ্য সংঘ’ নামে বহুমাত্রিক জ্ঞানচর্চা প্রতিষ্ঠান। এখানে লাইব্রেরি, বইয়ের দোকান, নাট্যচর্চা কেন্দ্র, চিত্রপ্রদর্শনীর জন্যে গ্যালারি, উন্মুক্ত মঞ্চ ও খাবারের দোকান রয়েছে। এক সময়ের বাম রাজনীতিক বেনজীন খানের সম্পাদনায় ‘প্রাচ্য ‘সংবাদ’ নামে একটি গবেষণাধর্মী জার্নালও প্রকাশিত হচ্ছে।

শ্রাবণী সুর যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের (সাবেক নৈশ বিদ্যালয়) প্রধান শিক্ষক। তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মেয়ে দোলা প্রখ্যাত সঙ্গীতশিল্পী। যশোরে সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আশিকুজ্জামান টুটুল শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার বাসিন্দা। হুমকিপত্রে তাকে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রচার সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এই সংগঠনের জেলা সভাপতি হারুন অর রশিদ জানিয়েছেন, জেলা কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট আজিজ। টুটুল সংগঠনটির শহর কমিটির প্রচার সম্পাদক।

অ্যাডভোকেট রবিউল আলম বলেন, ‘আমি কোনও হুমকিপত্র পাইনি। তবে নানা মাধ্যমে শুনেছি, হুমকিপত্রে আমার নামও আছে। আমি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করবো।’

মাহবুবুর রহমান মজনু বলেন, ‘আমি চিঠি পাইনি। তবে শ্রাবণী সুরের পাওয়া চিঠিতে আমার নাম দেখেছি।’

বেনজীন খান হুমকিপত্র পাওয়ার কথা নিশ্চিত করেছেন। বিষয়টি তিনি প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনকে জানিয়েছেন ক্লাবের সদস্য হিসেবে।

তিনি বলেন, ‘হুমকিপত্র অরিজিনাল নাকি প্যানিক সৃষ্টির জন্য কেউ পাঠিয়েছে, তা নিশ্চিত হতে পারিনি। থানায় জিডি করবো কি করবো না, তা এখনও সিদ্ধান্ত নিইনি।’

সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাবেক সভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ বলেন, ‘বিশিষ্ট ব্যক্তিদের খুনের হুমকি দিয়ে চিঠি দেওয়া হচ্ছে বলে শুনেছি। আমরা বিষয়টি নিয়ে ডিসি সাহেবের সঙ্গে কথা বলেছি।’

প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, ‘হিজবুত তাহরীরের নামে বিভিন্নজনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে জেনেছি। বিষয়টি নিয়ে আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি।’

এপিএইচ/

আরও পড়ুন:

ভারতে ফারাক্কা বাঁধ তুলে দেওয়ার দাবি নীতিশ কুমারের

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম