বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার মহানগরের আমবাগ-হানিউল সড়কসহ আশপাশের কয়েকটি সড়ক অবরোধ করে তারা।
এলাকাবাসী জানান, গাজীপুর মহানগরের আমবাগ এলাকার হানিউল গার্মেন্টস শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পাওনা ছিল। গত ১ আগস্ট তাদের বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ তা না করে কারখানাটি বন্ধ করে দেয়। এরপর থেকে প্রতিদিনই শ্রমিকরা পাওনা বেতনের জন্য কারখানার সামনে ভিড় জমান। আজও বেতন পরিশোধ না করায় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠেন। তারা কারখানা ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন এবং আমবাগ-হানিউল সড়কসহ আশপাশের কয়েকটি আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন।
শ্রমিকেরা জানান, গত ১ আগস্টসহ তিন মাসের বেতন ভাতা পরিশোধ না করে কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পাওনা পরিশোধে কারখানা কর্তৃপক্ষ কোনও উদ্যোগ না নেওয়ায় তারা রাস্তায় নেমেছেন। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (আমবাগ) আব্দুল খালেক জানান, শ্রমিকেরা আঞ্চলিক সড়ক অবরোধ করলে তাদেরকে বেলা ২টার দিকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। সড়ক অবরোধ না করে কর্তৃপক্ষের সাথে তাদের যোগাযোগের অনুরোধ করা হয়। শ্রমিকেরা পুলিশের অনুরোধে সাড়া দিয়ে সড়ক থেকে সরে যান।
/এমএসএম/
/এমএসএম/








