আশুলিয়ায় পিকআপ ভ্যানের চাপায় লিটন ফকির (৪০) নামের এক ট্রাফিক পুলিশের সদস্য নিহত হয়েছেন। রবিবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য ফরিদপুর জেলার নগরকান্দার চৌশারা গ্রামের শাফিজ উদ্দিন ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার সকাল থেকে আশুলিয়া বাজার এলাকার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের দায়িত্ব পালন করছিলেন ট্রাফিকের কনস্টেবল লিটন ফকির। এসময় হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
এমএসএম/








