বরিশালে পৃথক অভিযানে প্রায় দেড় হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ভোলা সদরের চরনাপতা এলাকার মো. সালাউদ্দিন হাওলাদারের ছেলে মো. আব্দুলাহ হাওলাদার (৩৬), বরিশাল নগরের জিয়া সড়ক এলাকার কালাম সরদার (৪০) ও বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার মো. সিরাজ সরদারের ছেলে মো. লিটন সরদার (৩২)। তাদের কাছ থেকে ১ হাজার ৪৩৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত ও শুক্রবার দুপুরে র্যাবের পক্ষ থেকে তিনটি ই-মেইল বার্তার মাধ্যমে অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের বন্দর থানাধীন লাহারহাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় মো. আব্দুলাহ হাওলাদারকে ৬১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর থানাধীন আটিপাড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় মো. লিটন সরদারকে ৩১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন বরিশাল-ঝালকাঠি মহাসড়কের জাঙ্গালের মোড়ে অভিযান চালিয়ে কালাম সরদারকে আটক করা হয়। তার শরীর তল্লাশী করে ৫০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা র্যাবের জিজ্ঞাসাবাদে বরিশালের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসার কথা জানিয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।
/এমএসএম/








