সিপিবির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে গণভোট দাবি করেছেন।
শনিবার কমিউনিস্ট পার্টির মানিকগঞ্জ জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি সরকারের কাছে এই দাবি করেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে সিপিবি নেতা বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল তাদের আয় রোজগার বাড়ানোর জন্যই রামপাল বিদুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীকে ভুল বোঝাচ্ছেন। রামপালে বিদুৎ কেন্দ্র স্থাপন হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। সিপিপি জনগণের এই যৌক্তিক দাবি থেকে পিছু হটবে হবে না।
সম্মেলনের উদ্বোধন করেন ভাষা সৈনিক আব্দুল হাকিম মাস্টার। সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি কমরেড নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাদিকুর রহমান শামীম, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আজাহারুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হযরত, জেলা সেক্টরস কমান্ডার ফোরামের সভাপতি মঞ্জুর আহমেদ, ক্ষেত মুজুর পার্টির আব্দুল মান্নান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক আরশেদ আলী মাস্টার, কৃষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি এমআর লিটন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, রামপাল বিদুৎকেন্দ্র স্থাপনের জন্যে যে পরিমাণ কয়লার ব্যবহার হবে তার যোগান দেওয়াও বাংলাদেশের পক্ষে সম্ভব হবে না। এই কয়লা ভারত থেকে আনতে হবে। ওই বিদুৎকেন্দ্র থেকে যে পরিমাণ বিষাক্ত ফুটন্ত পানি নদীতে ফেলা হবে তার প্রভাবে জীববৈচিত্র ধ্বংস হয়ে যাবে।
বক্তারা একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেমের লাশ মানিকগঞ্জে না পাঠানোর দাবি জানান।
/এমএসএম/








