দুদকের দায়ের করা অর্থ আত্মসাত মামলায় শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও ছয় সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার বিকেলে তারা আদালতে হাজির হলে মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাবেক ছয় ইউপি সদস্য হলেন-বয়তুল্লাহ, মোশারফ হোসেন, আব্দুল মালেক, আব্দুর রশীদ এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাজেরা বেগম ও ইসমত আরা।
আদালতের নথি সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে দায়িত্বে থাকাকলীন কামারিয়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও ৬ ইউপি সদস্যের বিরুদ্ধে ২০১৪ সালের ৪ ডিসেম্বর শেরপুর সদর থানায় ৭টি মামলা দায়ের করে দুদক। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের উপ-সহকারী পরিচালক কমল কুমার রায় বাদী হয়ে বিভিন্ন প্রকল্পের ৬৪ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা আত্মসাতের অভিযোগ করেন এসব মামলায়। কর্তৃপক্ষকে অবহিত না করে নীতিমালার বাইরে বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে ৬৪ লাখ টাকা আত্মসাত করেন আসামিরা। মামলা দায়েরের পর আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্ত হন।
এদিকে, মামলাগুলো তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইল উপ-সহকারী পরিচালক মোস্তফা বুরহান উদ্দিন আহম্মদ গত ৩১ মে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। আদালতে চার্জশিট গৃহীত হওয়ায় ধার্য তারিখে আজ রবিবার আসামিরা মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
/এমএসএম/








