এবার ঈদে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৩০টি ওয়ার্ডের ২৫৪টি স্থানে কোরবানির পশু জবাই করা হবে। এই কার্যক্রমকে সফল করার জন্য মহানগরীর প্রত্যেকটি মসজিদে জুমার নামাজের সময় মুসল্লিদের অবহিত করা হবে। এজন্য মাইকিংয়ের ব্যবস্থা করাও হবে বলে জানিয়েছেন রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম।
তিনি আরও জানান, সরকারের পাঠানো তথ্যচিত্র স্থানীয় কেবল লাইনে প্রচার করা হবে। সেই সঙ্গে মোবাইল ম্যাসেজের মাধ্যমে মহানগরবাসীকে সচেতন করা হচ্ছে। কারণ এ মহানগরীর পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন। সিটি করপোরেশনের আহ্বানে সাড়া দিয়ে নির্ধারিত স্থানে কোরবানি করলে সরকার ইমামের ব্যবস্থা করবে। কোরবানির পশুর রক্ত, বর্জ্য অপসারণ ও অন্য প্রয়োজনীয় সহযোগিতাও প্রদান করা হবে।
তিনি জানান, কোরবানির বর্জ্য ঈদ উল আজহার দিন বিকেল ৪টা থেকে শুরু করে রাত ২টা মধ্যেই অপসারণ করা হবে। এছাড়াও বর্জ্য অপসারণে আমার ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সার্বিক তত্ত্বাবধানে একটি কন্ট্রোল রুম ঈদের দিন বিকেল ৪টা হতে খোলা থাকবে। এই কন্ট্রোল রুমে রাত সাড়ে ১১টা পর্যন্ত যেকোনও ধরনের (কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে) সমস্যা জনসাধারণ জানাতে পারবেন। জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ আলী, মোবাইল নং-০১৭১৩-০৯৮৯৫৬, অফিস সহকারী সোহেল রানা, মোবাইল নং-০১৭১৬-৪০৮০৭১, কম্পিউটার অপারেটর গাজলুর রহমান, মোবাইল নং-০১৭২৩-৭৯৮৯৭৮ ও কেন্দ্রীয় সুপারভাইজার সোহরাব হোসেন, মোবাইল নং-০১৯৩৪-৪৭২৪২০।
এমএসএম/








