২০১৪-১৫ অর্থবছরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ৮ লাখ ৩ হাজার ৭৯৬ টন। আর ২০১৫-১৬ অর্থবছরে আমদানি হয়েছে ৮ লাখ ১০ হাজার ১২৯ টন। ফলে এক বছরের ব্যবধানে এ বন্দর দিয়ে পণ্য আমদানি বেড়েছে ৬ হাজার ৩৩৩ টন।
সংশ্লিষ্টরা মনে করেন, মূলত দেশে পাথরের চাহিদা বাড়ায় এ বন্দর দিয়ে আমদানি বেড়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফএজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয় সূত্রে জানা গেছে, এ বন্দর দিয়ে প্রধানত চাল, গম, ভুট্টা, পেঁয়াজ, কাচা মরিচ, খৈল, সয়াবিনের ভুষি আমদানি করা হয়। যদিও আগে তাজা ফল ও মাছ আমদানি করা হতো। তবে শুল্ক নির্ধারণে জটিলতা থাকায় গত দুই বছর ধরে এ দুটি পণ্য আমাদিন বন্ধ রয়েছে। তবে পদ্মাসেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভারতীয় পাথরের চাহিদা থাকায় এ বন্দর দিয়ে বড় আকারের বোল্ডার পাথর ও ছোট আকারের চিপস পাথর আমদানি বেড়েছে।
আরও জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে বন্দর দিয়ে মোট ২ লাখ ৮৫ হাজার ৪৩৬ টন পাথর, ১ লাখ ৯৪ হাজার ৩৩২টন পেঁয়াজ, ১ লাখ ৫৩ হাজার ৭৫৬ টন গম, ৫১ হাজার ১৮৮ টন ভূট্টা, ৭০ হাজার ৮১৩ টন খৈল, ৩৩ হাজার ৭৩২ টন চাল, ১২ হাজার ৩৮৭ টন কাচা মরিচ এবং ৮ লাখ ১০ হাজার ১২৯ টন অন্যান্য পণ্য আমদানি হয়।
আর ২০১৪-১৫ অর্থবছরে ২ লাখ ৪০ হাজার ৮২ টন গত, ২ লাখ ২৬ হাজার ৯৭৯ টন গম, ১ লাখ ১৯ হাজার ১৯৫ টন পেঁয়াজ, ৬৪ হাজার ৩৫৫ টন ভূট্টা, ৫৯ হাজার ৩৯১ টন খৈল এবং ৮ লাখ ৩ হাজার ৭৯৬ টন অন্যান্য পণ্য আমদানি হয়।
এ বিষয়ে মেসার্স টুম্পা ইন্টারন্যাশনালের সত্বাধিকারী মো. মামুনুর রশীদ লেবু জানান, ‘দু’দফায় শুল্ক বাড়ানোয় ব্যবসায়ীদের চাল আমদানিতে লাভ হয় না। তাই বন্দরের সব আমদানিকারক চাল আমদানি আপাতত বন্ধ রেখেছেন।’
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন-উর-রশীদ হারুন বলেন, ‘দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য দেশে পাথরের চাহিদা বেড়েছে। অন্য বন্দর দিয়ে পাথর খালসে সময় বেশি লাগায় হিলি স্থলবন্দর দিয়েই বেশি পাথর আমদানি হয়। তাই এ বন্দর দিয়ে আমদানি বেড়েছে।’
তিনি আরও বলেন, ‘পেঁয়াজের আমদানি পর্যায়ে নুন্যতম রফতানিমূল্য নির্ধারণ না থাকায় বন্দরের ছোট বড় সবধরনের আমদানিকারকরা পেঁয়াজ আমদানির সুযোগ পেয়েছেন। ফলে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানিও বেড়েছে।’
এছাড়া হিলিস্থলবন্দর দিয়ে ডুপেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপারসহ সকল পেপার, পেপার বোর্ড, সুতা, গুঁড়াদুধ, জুস ইত্যাদি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আমদানি বেড়েছে বলেও জানান তিনি।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বলেন, ‘হিলি বন্দরের ভেতরে পাথর ও পেঁয়াজ খালাসের আলাদা জায়গা নির্ধারণ করায় সময় কম লাগায় এ বন্দরে আমদানি বেড়েছে।’
/এসএনএইচ/








