বগুড়ার কাহালুতে আবুল কালাম (৪৮) নামে এক পাহারাদারকে হত্যা করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার তার চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার পাবহারা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে পুলিশ ওই পাহারাদারের হাত-পা বাধা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ বলছে, দুর্বৃত্তরা মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, কাহালুর মালঞ্চা ইউনিয়নের পাবহারা গ্রামে জনৈক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের একটি এগ্রো ফিস প্রতিষ্ঠান রয়েছে। একই গ্রামের মৃত আবদুল জোব্বারের ছেলে আবুল কালাম ওই প্রতিষ্ঠানের গভীর নলকূপ পাহারা দিতেন। শুক্রবার রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা সেখানে এসে তার হাত-পা বেঁধে ফেলে। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে। যাবার আগে চোরের দল তিনটি ট্রান্সফরমারের তামার তার নিয়ে যায়।
এলাকাবাসীর ধারনা, এ চুরির সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতি বা অন্য কোনও প্রতিষ্ঠানের টেকনিশিয়ান জড়িত। সাধারণ চোরের পক্ষে ট্রান্সফরমার খুলে তামার তার নিয়ে যাওয়া সম্ভব নয়।
বগুড়ার সিনিয়র এএসপি (মিডিয়া) গাজিউর রহমান জানান, দুর্বৃত্তরা পাহারাদারকে বালিশ চাপা দিয়ে হত্যার পর ট্রান্সফরমারের তামার তার নিয়ে গেছে। শনিবার দুপুর পর্যন্ত মামলা হয়নি। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটির অন্য পাহারাদার ও কর্মচারিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/এমএসএম/








