
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। জঙ্গি সন্ত্রাসীরা সংখ্যায় কম। ঐক্যবদ্ধভাবে আমরা ওদের রুখে দেবো। এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনও স্থান হবে না।
রবিবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উন্নত প্রযুক্তির মাধ্যমে দেশী মুরগি পালন প্রশিক্ষণের উদ্বোধন এবং খামারীদের মাঝে মুরগি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি। কোটালীপাড়ার বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমীর সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী চন্দ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অতি অল্প সময়ের মধ্যে জঙ্গি দমন করেছি। দেশবাসী ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে উৎসবের আমেজে পালন করেছে। কেউ টু শব্দ করার সাহস পায়নি। আসন্ন শারদীয় দুর্গোৎসবও আমরা সাড়ম্বরে পালন করবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম হুমায়ুন কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী রানী সরকার, উপজেলা মহিলা ও আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেশী মুরগি সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক শাকিলা ফারুক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনষ্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজহারুল ইসলাম তালুকদার।
/এফএস/







