সাশ্রয়ী মূল্যে উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, উন্নত চিকিৎসার জন্য অর্থ দেওয়ার ক্ষমতা দেশের অনেক মানুষেরই নেই। অতএব, তাদের জন্য সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে।’মঙ্গলবার হোটেল রেডিসন ব্লু ঢাকা’র ওয়াটার গার্ডেনে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন (বিএসসিআই)-এর থার্ড ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্স-২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিআই-এর সভাপতি অধ্যাপক আফজালুর রহমান।
চিকিৎসকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতি জানিয়ে বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন হয় চাহিদাভিত্তিক, তা মানুষের সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।’ তিনি বলেন, ‘আয় ও ব্যয়ের পাশাপাশি বিষয়টিকে অবশ্যই মানবতা ও মানব কল্যাণ হিসেবে গুরুত্ব দিয়ে দেখতে হবে।’
হৃদরোগকে বাংলাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘হৃদরোগের কারণে দিন দিন মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। এই রোগ সম্পর্কে মানুষকে আরও সচেতন করতে চিকিৎসকদের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, মানুষকে এই রোগ সম্পর্কে অবহিত করে হৃদরোগের প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি।’
অনুষ্ঠানে বক্তৃতা করেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান ও মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সালান এবং বিএসসিআই’র মহাসচিব ডা. কায়সার নসরুল্লাহ খান প্রমুখ।
সূত্র: বাসস
/এমএনএইচ/








