খুলনার রূপসা নদীর ওপর খানজাহান আলী সেতু এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে ডিবি পুলিশের গুলিবিনিময় হয়েছে। এরপর পুলিশ আহত অবস্থায় বেল্লাল হোসেন (২৬) ও লাভলু মিয়াকে (৩০) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের কনস্টেবল মো. মিকাইল ও শিশির আহত হন। তাদেরকে খুলনা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত ২ সন্ত্রাসীকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুলনা ডিবির সহকারী কমিশনার এ এম কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী সেতু এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। বিকাল ৫টার দিকে সেতুর অদূরে সন্দেহভাজন ব্যক্তিদের মোটর সাইকেল নিয়ে অবস্থান করতে দেখে পুলিশ এগিয়ে যেতে থাকে। এ অবস্থায় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি করে। পুলিশ সতর্কতার সঙ্গে তাদের ধাওয়া করে। পরে আহত অবস্থায় ২ জনকে গ্রেফতার করা হয়।’
গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১টি চায়না পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ ম্যাগজিন জব্দ করা হয় বলেও জানান কামরুল ইসলাম।
/এসএনএইচ/








