মৌলভীবাজারের কমলগঞ্জে পদ্মছড়া চা বাগান ফুটবল মাঠ এলাকায় বজ্রাঘাতে ওয়াসিদ মিয়া (২৫) নামে এক দিন মজুর নিগত হয়েছেন। তিনি একই ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামের মৃত হীরা মিয়ার ছেলে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বিষয়টি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে কমলগঞ্জে ভারী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সঙ্গে সৃষ্ট বজ্রাঘাতে তিনি আহত হন। পরে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবজ্যোতি সিনহা ওয়াসিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক নিহত যুবককে দেখতে সন্ধ্যা ৬টার দিকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
/এসএনএইচ/








