ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে মারামারি ও উত্তেজনার কারণে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার দুপুর ১টায় একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে এ ঘোষণা দেন কলেজ অধ্যক্ষ ডা. মো. রুহুল আমিন। একই সঙ্গে ছাত্রদের বিকাল ৫টা ও ছাত্রীদের সোমবার সকাল ৭টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাময়িকভাবে ছাত্র রাজনীতির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে, মারামারির ঘটনায় কলেজের ভাইস প্রিন্সিপাল সজল কুমার সাহার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।
জানা গেছে, সম্প্রতি নাসিরুল ইসলামকে সভাপতি ও রাজিব মাহমুদ রাজুকে সাধারণ সম্পাদক করে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কমিটির পক্ষে-বিপক্ষের ছাত্রদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ওই কমিটির বিরোধিতাকারী গ্রুপের ছাত্রদের সঙ্গে শনিবার রাতে মনছুর খলিল ছাত্রাবাসে প্রথমে কথা কাটাকাটি ও পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়। উদ্ভূত পরিস্থিতিতে আজ দুপুরে একাডেমিক কাউন্সিলের সভা শেষে কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন বলেন, ঘটনার পরপরই মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।
/বিটি/








