ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মচারীর বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই কর্মচারী ২৬ হাজার টাকার চেকের বিপরীতে সাড়ে পাঁচ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। অভিযুক্ত কম্পিউটার অপারেটর আবদুল আওয়ালকে সোমবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আবদুল আউয়াল কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের হাজী সুলতান আহমদের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, তিনি ২৬ হাজার ৭৯০ টাকার বিপরীতে সাড়ে ৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে ব্যাংক কর্মকর্তাদের তৎপরতার কারণে তিনি ওই টাকা শেষমেশ ব্যাংক থেকে তুলতে পারেননি।
জানা গেছে, কুমিল্লার বজ্রপুরের ঠিকাদার মো. শরীফ আলমের মালিকানাধীন তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান আছে। এগুলো হলো মেসার্স আবদুল্লাহ আল মামুন, মেসার্স এন. ইসলাম এন্ড কোং এবং মেসার্স হেলাল এন্টারপ্রাইজ। এর মধ্যে ‘মেসার্স আবদুল্লাহ আল মামুন’-এর ৯৪০০ টাকার চেকে দুই কোটি ৯ হাজার ৪০০ টাকা, মেসার্স এন. ইসলাম এন্ড কোং-এর নামে ১১ হাজার ৪৬০ টাকার চেকে তিন কোটি ১১ হাজার ৪৬০ টাকা এবং হেলাল এন্টারপ্রাইজের নামে ৫ হাজার ৯৩০ টাকার চেকে ৫০ লাখ ৫৯৩০ টাকা লিখে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখায় জমা দেন আবদুল আউয়াল। চেকগুলো পেয়ে ব্যাংক কর্তৃপক্ষ ওইদিনই সোনালী ব্যাংকের স্থানীয় শাখা থেকে ৫ কোটি ৫০ লাখ ২৬ হাজার ৭৯০ টাকা সংগ্রহ করে।
সন্দেহজনক মনে হওয়ায় গত ১৯ সেপ্টেম্বর ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যাবস্থাপক নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি যাছাই-বাছাই করতে সড়ক বিভাগকে চিঠি দেন। চিঠি পেয়ে সড়ক বিভাগ যাছাই-বাছাই করে দেখতে পায়, ওই তিনটি চেকের বিপরীতে মাত্র ২৬ হাজার ৭৯০ টাকা পরিশোধ করা হয়েছে। সড়ক বিভাগ ২০ সেপ্টেম্বর এক চিঠির মাধ্যমে গ্রাহককে টাকা না দিতে অনুরোধ জানায়। চিঠি পেয়ে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের হিসাব থেকে টাকা ব্যাংকের হিসাবে নিয়ে নেয়।
এ ঘটনায় ওই দিনই ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বাদী হয়ে আবুল আউয়াল সরকার ও ঠিকাদার মো. শরীফ আলমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মঈনুর রহমান জানান, এই মামলায় সোমবার আবদুল আউয়াল ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
/এআরএল/টিএন/
আরও পড়ুন:








