চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর পাকা রাস্তায় ডাকাতি প্রস্তুতিকালে একটি ওয়ান সার্টারগান, ৩ রাউন্ড গুলি, ছোরা ও রামদাসহ ৩ জন চিহ্নিত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ডাকাতরা হলো- উপজেলার কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার শওকত মাস্টারের ছেলে মিঠু (৩০), ইলিয়াছ আলীর ছেলে আলামিন (২৪) ও পীরপুর কুল্লা গ্রামের আইনালের ছেলে মফি (২৫)।
পুলিশ জানায়, বুধবার ভোরে উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর পাকা রাস্তার পাশে ডাকাতির উদ্দ্যেশে ৭/৮ জন দুর্বৃত্ত ওৎ পেতে ছিল। এ সময় দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদের নেতৃত্বে এসআই জিয়াউল হক ও এসআই মুহিতসহ একদল টহল পুলিশ গাড়ি নিয়ে মুন্সিপুর যাওয়া পথে দুর্বৃত্তরা রাস্তায় ব্যারিকেড দেয়। পুলিশের গাড়ি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মিঠু, আলামিন ও মফিকে ১টি শার্টারগান, গুলি, রামদা ও ছোরাসহ গ্রেফতার করে পুলিশ। তবে অন্যরা পালিয়ে যায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গ্রেফতার হওয়া ডাকাতরা চিহ্নিত ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, অপহরণসহ প্রায় ১ ডজন মামলা রয়েছে। অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
/এসএনএইচ/








