নির্ধারিত সময়ের অনেকটা সময় পার করে ২০১৬-১৭ অর্থ বছরের জন্য ২ হাজার দুইশ’ ২৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। রবিবার সিসিসি মেয়র আজম নাসির উদ্দিন নগর ভবনের কেবি আব্দুস সাত্তার মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন।
এই উচ্চাভিলাষী বাজেটে ৯৮৫ কোটি ১০ লাখ টাকা বিভিন্ন উন্নয়ন খাত থেকে আয় হিসেবে দেখানো হয়েছে। এছাড়াও ৪২ কোটি ৮৫ লাখ টাকা অন্যান্য খাত থেকে আহরিত হবে বলে প্রত্যাশা করা হয়েছে।
মেয়র জানান, বিশাল বাজেট ঘোষিত হলেও এর মধ্যে ১ হাজার ১৫ কোটি ৬৩ লাখ টাকা তিন ধরনের আয়কর থেকে আসবে। এছাড়াও ২৪২ কোটি ৪৬ লাখ টাকা আসবে বকেয়া আয়কর থেকে। আর ৫৫০ কোটি ৮৯ লাখ টাকা পাওয়া যাবে আরোপিত বিভিন্ন ধরনের চলতি কর থেকে। তিনি জানান, আরও ২২ কোটি ২৭ লাখ টাকা আসবে অন্য ধরনের কর থেকে।
মেয়র জানান, এই বাজেটে ১ হাজার ১শ’ ২১কোটি টাকা শহরের বিভিন্ন ধরনের উন্নয়নে ব্যয় করা হবে। এর মধ্যে রয়েছে একটি খাল খনন, বিভিন্ন সড়ক সংস্কার ও একটি পিচ কারখানা স্থাপন।
সরকারের আনুকূল্য ও পৃষ্ঠপোষকতায় এ বাজেট করা হয়েছে বলেও জানিয়েছেন মেয়র নাসির।
বাজেট ঘোষণায় কেন দেরি হলো এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, দেরি হওয়ার যথাযথ কারণ কারণ ছিল। তবে এর ব্যাখ্যা দেননি তিনি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল ইসলামের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র, কাউন্সিলররাসহ সিসিকের কর্মকর্তাবৃন্দ।
/টিএন/








