জয়পুরহাটের আক্কেলপুর-বগুড়া সড়কের আক্কেলপুর উপজেলার ভিকনি ব্রিজ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দিলবর নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। তার বাড়ি আক্কেলপুরের ভিকনি সুসৃষ্টি গুচ্ছগ্রামে।
মঙ্গলবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই গুরুতর আহত অবস্থায় দিলবরকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান,‘গত রাত দেড়টার দিকে আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনি এলাকায় টহলরতপুলিশ একটি সিএনজিকে থামতে বললে ডাকাত দল গুলি ছোড়ে। এ সময় পুলিশও তাদের লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় দিলবর নামের এক ডাকাতকে গ্রেফতার করে।’
তিনি আরও বলেন, ‘দিলবর হত্যা ও ডাকাতিসহ প্রায় এক ডজন মামলার আসামি। ঘটনার পর পুলিশ তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।’
এ ঘটনায় ওবায়দুল ও বিধান নামের দুই পুলিশ কনস্টবল আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
/এসএনএইচ/








