বগুড়ার সারিয়াকান্দি পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমনের হিন্দুকান্দির বাড়িতে স্বেচ্ছাসেবক লীগের ক্যাডাররা হামলা চালিয়েছে। এ সময় তারা বাড়ির দরজা, জানালা, সোফা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে।
জানা গেছে, হামলায় মেয়রের ভাগ্নেসহ দু’জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আলমগীর শাহী সুমন বলেন, ‘স্থানীয় এমপির ছোট ভাই জাহিদুল ইসলাম রাজুর নেতৃত্বে তার বডিগার্ড বাটুল মিয়া ও অন্যারা আমার বাড়িতে হামলা চালায়। আমি এ ব্যাপারে মামলা করবো।’
তিনি বলেন, ‘আমার রাজনৈতিক উত্থানে স্থানীয় এমপি আবদুল মান্নান ক্ষুব্ধ হন। এমপি তাকে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরিয়ে দিতে চেষ্টা করে ব্যর্থ হন। পৌর ভবন নির্মাণের জায়গা কেনা নিয়ে এমপির লোক জাহিদুল ইসলাম মন্ত্রণালয়ে অভিযোগ করেন। গত ৮ নভেম্বর তদন্ত কমিটি এলেও কাউন্সিলর ও অন্যরা তার (মেয়র) পক্ষে কথা বলেন। এতে অভিযোগকারীরা ক্ষুব্ধ হন। এর প্রতিশোধ নিতে এ হামলা করা হয়েছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমাকে না পেয়ে সন্ত্রাসীরা ঘরের দরজা, জানালাসহ আসবাবপত্র এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। এ সময় বাড়িতে থাকা আমার ভাগ্নে ব্যবসায়ী মাহমুদুল হাসান ও আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলাম আকুলকে মারপিট করে সন্ত্রাসীরা। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’
মাহমুদুল হাসান অভিযোগ করেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজুর উপস্থিতিতে এ হামলা হয়। তারা মেয়র সুমনকে না পেয়ে বাড়িতে ভাঙচুর ও তার মোটরসাইকেল ভেঙে দিয়েছে। অসুস্থ স্ত্রীকে নিয়ে মেয়র রংপুরে থাকায় অল্পের জন্য তারা বেঁচে গেছেন।’
এ বিষয়ে বক্তব্য জানতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাজুর ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
/এসএনএইচ/








