সুন্দরবন রক্ষার দাবিতে সাইকেল র্যালি ও পথনাটক করেছে বরিশাল জেলা বিজ্ঞান আন্দোলন মঞ্চ। বৃহস্পতিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ সাইকেল র্যালি ও পথনাটক অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন মহিলা পরিষদের সহ-সভাপতি নুরজাহান বেগম।
র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ‘বিদ্যুৎ চাই, কিন্তু সুন্দরবন ধ্বংস করে নয়’, ‘বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে, সুন্দরবনের কোনও বিকল্প নাই’ ইত্যাদি লেখা প্লেকার্ড দেখা যায়। এ সময় রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সব চুক্তি বাতিলের দাবি জানানো হয়। ।
র্যালি শেষে সুন্দরবন রক্ষা করাসহ ক্ষয়-ক্ষতির বর্ণনা তুলে ‘কয়লা রাজার দেশ’ নামে পথ নাটক অনুষ্ঠিত হয়। এতে অভিনয় করেন ঢাকার নাট্য দল তীরন্দাজ রেপারেটরি। এ সময় জারি গান পরিবেশন করে চারন সাংস্কৃতিক কেন্দ্রে ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের শিল্পীরা।
শহীদ মিনার চত্বরে র্যালি শেষে বক্তব্য রাখেন- বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি ডা. মণীষা চক্রবর্তী, বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা সভাপতি শন্তু মিত্র প্রমুখ।
/এসএনএইচ/








