প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষ্যে বদলে যাচ্ছে সিলেট নগর। ব্যানার, ফেস্টুন, পোস্টার, তোরণ আর বর্ণিল সাজে সেজেছে সিলেট। প্রধানমন্ত্রী সিলেট সফরকালে যেসকল সড়ক ব্যবহার করবেন সেগুলোতে চলছে সৌন্দর্য বৃদ্ধির কাজ। গত কয়েকদিন থেকে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা সিলেট নগরের সড়কের লেনগুলোতে রঙ দিয়ে আরও বর্ণিল করে তুলছেন। সেই সঙ্গে চলছে পুরো নগর পরিস্কার-পরিচ্ছন্নের কাজ।
এছাড়াও প্রধানমন্ত্রী সিলেট সফরকালে যেসব সড়ক ব্যবহার করবেন সেগুলোর চিত্রও পাল্টে যাচ্ছে। সিটি করপোরেশনের পাশাপাশি সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা খানা খন্দকের সড়কগুলোতে করছেন সংস্কারের কাজ।
শুকবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরের চৌহাট্টায় সড়কের লেনগুলোতে রঙ দিচ্ছেন সিলেট সিটি করপোরেশনের কর্মীরা।
কাজ তদারকের দায়িত্বে থাকা পরিচ্ছন্ন কর্মীদের ইনচার্জ তুতা মিয়া জানান, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে নগরের চৌহাট্টা থেকে রিকাবীবাজার পর্যন্ত সড়কের লেনগুলোতে রং দেওয়ার জন্য। প্রতিদিন ১৫/২০জন কর্মচারি কাজ করছেন।’
জানা গেছে, সিলেটে অবস্থানকালে সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিবেন প্রধানমন্ত্রী। তাই সার্কিট হাউজের পাশেই সিলেটের ঐতিহ্যবাহী সুরমা নদী আর ক্বীন ব্রিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে সিলেট সিটি করপোরেশন। এছাড়াও ক্বীন ব্রিজে নতুন করে রঙ দেওয়া হচ্ছে।
সিলেট সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সড়ক বিভাগের আওতাধীন যেসকল সড়ক ক্ষতিগ্রস্থ ছিল সেগুলো ইতোমধ্যে মেরামত করা হয়েছে। আর যেগুলো অবশিষ্ট রয়েছে সেগুলো কয়েকদিনের মধ্যেই তা মেরামতের কাজ সম্পন্ন করা হবে।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজ জানান, ‘প্রধানমন্ত্রীর সিলেট সফরকালে নগরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি চলছে সড়কের সংস্কারের কাজ। কয়েকটি ধাপে কাজ করে যাচ্ছেন কর্মীরা।’
/এসএনএইচ/








