বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের নকলের সহযোগিতা করায় বজলুর রহমান নামে এক শিক্ষককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম।
বুধবার দুপুরে বিদ্যালয় থেকে আটক করে শার্শা উপজেলা পরিষদে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়। তিনি শার্শা উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল সুপার।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে গিয়ে দেখা যায় হল সুপার চেয়ারে বসে বই হাতে নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন। এসময় ঘটনাস্থল থেকে তাকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। তাৎক্ষণিকভাবে হল সুপার বজলুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফকে নতুন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রধান শিক্ষক বজলুর রহমানকে নকলে সহযোগিতা করার অপরাধে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।’
/এসএনএইচ/








